বিসমিল্লাহির রহমানির রাহিম
আসসালামু আলাইকুম, আদাব।


আমার প্রাণপ্রিয় বাকেরগঞ্জবাসী,

আমি চাকুরী জীবন থেকে প্রথমত দেশব্যাপী মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলাম। কিন্তু ২০২১ সাল থেকে যখন নিজ এলাকা বাকেরগঞ্জের তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার উদ্যোগ নিলাম, তখন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হলাম। আমাদের প্রিয় বাকেরগঞ্জের তৃণমূল আজ নানা অপরাধ, অনিয়ম আর দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে।

আমি উপলব্ধি করেছি, কেবল সমাজসেবক হিসেবে এই বিশাল জঞ্জাল পরিষ্কার করা সম্ভব নয়। বিদ্যমান পরিস্থিতির অন্তত ৮০% নিয়ন্ত্রণে আনতে হলে আমাকে স্থানীয় রাজনৈতিক সিস্টেমের ভেতরে প্রবেশ করতে হবে।

• বিজয়ী হলে: পুরো সিস্টেম আমার নিয়ন্ত্রণে আসবে এবং অনিয়ম দূর করতে আমি বিশেষভাবে প্রশিক্ষিত।
• ফল অন্যরকম হলেও: একটি বিশাল জনশক্তি নিয়ে বিজয়ী পক্ষকে চাপে রাখার সক্ষমতা অর্জন করবো, যাতে তারা জনস্বার্থ বিরোধী কাজ করতে না পারে।

এখন একটি অপরাধের বিচার পেতে আমাদের দীর্ঘ সময় ও শ্রম ব্যয় করতে হয়। কিন্তু রাজনৈতিক শক্তি পাশে থাকলে জনগণের যেকোনো সমস্যা কর্মদিবসের মধ্যেই সমাধান করা সম্ভব। মূলত এই লক্ষ্যেই আমার নির্বাচনে অংশগ্রহণ।

আমার অবস্থান ও প্রার্থীতা ঘোষণাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এরই ধারাবাহিকতায়, আজ ৬ মার্চ ২০২৬, রোজ শুক্রবার, পবিত্র জুম’আ নামাজের পর আমি লায়ন মো. নিলয় পারভেজ (এনপি) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

দলীয় প্রতীক প্রসঙ্গেঃ
আমি বাকেরগঞ্জ বিএনপি পরিবারে একদমই নতুন। তাই যদি কোনো কারণে নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ হয়, তবে দলের পুরনো ও ত্যাগী সিনিয়র স্থানীয় নেতারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। আমি তাদের সম্মান ও ত্যাগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বর্তমান সিদ্ধান্ত থেকে সরে আসতে পারি !

তবে যদি দল থেকে এমন কাউকে মনোনয়ন দেওয়া হয় যিনি ‘নব্য হাইব্রিড’ বা ‘অপরাধ চক্রের হোতা’, তবে বাকেরগঞ্জের মানুষের স্বার্থে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় আমি কোনো আপোষ করবো না।

আমার অঙ্গীকার ও আপনার অধিকারঃ
আমি আপনাদের জন্য কী করতে চাই, তা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ:

আমার প্রতিটি নির্বাচনী অঙ্গীকারের স্ক্রিনশট নিয়ে রাখুন। যদি নির্বাচিত হওয়ার পর আমি কোনো একটি কথা রাখতে ব্যর্থ হই, তবে আমারই আয়োজিত ‘গণশুনানিতে’ আমাকে দাঁড় করাবেন এবং বিচার করবেন।

আমি বাকেরগঞ্জে ভয়ের রাজত্ব নয়, বরং সেবার শাসন প্রতিষ্ঠা করতে চাই। আপনাদের একটি ভোট আর দোয়া বদলে দিতে পারে আমাদের আগামীর বাকেরগঞ্জ।

নিবেদক,
লায়ন মো. নিলয় পারভেজ (এনপি)

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল।

Leave a Comment